শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: “সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম আবু সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া। উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহ্ মো. আবুল কালাম আজাদ, উপজেলা স্কাউটের সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ও উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক সামিউল আলম প্রমুখ। শেষে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য উপজেলার বিভিন্ন এলাকায় ১৪ জনকে নতুন ভোটারের ছবি তোলাসহ বিভিন্ন সেবা দেয়া হয়।