চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: শিবগঞ্জে নিখোঁজের তিনদিন পর হাসান মারফত নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। নিহত শিশু উপজেলার চককীর্তি ইউনিয়নের পিরানটোলা গ্রামের হোসেনের ছেলে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মোবারকপুর ইউনিয়নের গোয়াবাড়ি চাঁদপুর কল্যাণীজোলা আমবাগান থেকে গলিত মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গত ১০ অক্টোবর সকাল থেকে নিখোঁজ হয় শিশু হাসান মারফত। এ ঘটনায় শিশুটির পরিবার শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিহতের চাচা আকবর হোসেন জানান, মরদেহটি তার নিখোঁজ ভাতিজা হাসান মারফতের। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হবে। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, সকালে আমবাগানে একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতালর মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ধারণা- কয়েকদিন আগে শিশুটিকে হত্যা করা হয়েছে। অপরাধী সনাক্তে ইতোমধ্যে পুলিশের পাশাপাশি গোয়েন্দা সদস্যরা মাঠে কাজ শুরু করেছে।