শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদে যৌতুকের দাবি পুরণ না হওয়ায় গৃহবধূ সুমাইয়া আক্তারকে হত্যার প্রতিবাদ ও খুনিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নিহতের পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে সোনামসজিদের সামনে সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, নিহতের বাবা আলমগীর কবির, মা রুনা বেগম, চাচি মেরিনা বেগম, দাদি আজেনুর বেগম, সাদিকুল ইসলাম, সুরাইয়া খাতুন ও ছাত্র আন্দোলনকারী মোত্তাসিন আলীসহ অন্যরা। বক্তারা অভিযোগ করে বলেন, সুমাইয়া হত্যার ৬৫ দিন পার হলেও পুলিশ এখনো কোন আসামিকে গ্রেপ্তার করেনি। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছে পরিবারকে। তারা আরো বলেন, থানা পুলিশের সাথে আসামিদের গোপনে যোগসাজশের কারণেই তারা ইচ্ছেকৃতভাবে আসামি ধরছেনা। যদি আগামী এক সপ্তাহের মধ্যে সকল আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হয়, তাহলে আমরা ছাত্র-জনতা, নিহতের পরিবার ও এলাকাবাসীর সহযোগিতায় কঠোরতম আন্দোলনের ঘোষণা দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা বেদার উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, মামলার একাধিকবার তদন্ত হয়েছে। আসামি গ্রেপ্তারের জন্য বারবার অভিযান চালানো হয়েছে। কিন্তু আসামিরা পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে শীঘ্রই আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, পুলিশের কোন গুড়িমসি নেই। আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট অধিকতর তদন্তের স্বার্থে প্রকাশ করা হচ্ছে না।