চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বন্য শুয়ারের আক্রমণে চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপজেলার শ্যামপুর ইউনিয়নের বড় হাদিনগর ও বিনাদপুর ইউনিয়নে কামাত গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বড় হাদিনগর গ্রামের নাসির উদ্দিন (চুরিওয়ালা) বিনোদপুর বাজার থেকে ছাগলের জন্য ঘাস নিয়ে সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে একটি আমবাগানের ভেতর দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি বন্য শুয়ার তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে একই দিনে ওই এলাকার আমবাগানে কাজ করার সময় আরও তিনজন বন্য শুয়ারের আক্রমণের শিকার হন। আহতরা হলন কামাত গ্রামের মনিরুল ইসলামের ছেলে জনি, মফিজুদ্দিনের ছেলে ডালিম এবং আব্দুল হাকিমের ছেলে মুলি। তারা বাগানে স্প্রে করার সময় প্রাণীটির আক্রমণে আহত হন। স্থানীয়রা জানান, বন্য শুয়ারটি দেখতে বিড়ালজাতীয় বৈশিষ্ট্যের মতো ছিল এবং অত্যন্ত দ্রুতগতিতে চলাচল করছিল। গ্রামবাসী ধাওয়া দিলে সেটি দ্রুত পালিয়ে যায়। পরে প্রাণীটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতরাও সেখানে চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বন্য প্রাণীটির অবস্থান শনাক্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।