চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ৮ দফা দাবিতে রেলস্টেশনে ট্রেন অবরোধ করেছে সুশাসনের জন্য নাগরিক—সুজনসহ জেলার সর্বস্তরের মানুষ। মঙ্গলবার (১৪ মে) সকাল ১০টার দিকে তারা মল্লিকা কমিউটার এক্সপ্রেস ট্রেন অবরোধ করে এ কর্মসূচি পালন করে।
ট্রেন অবরোধ ও মানববন্ধনে বক্তব্য রাখেন সুজনের জেলা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল। এছাড়া উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মুখলেসুর রহমান প্রমূখ।
রেলস্টেশন মাস্টার ওবায়দুল্লাহ জানান, আন্দোলনকারীরা তাদের দাবি উপস্থাপন করলে তিনি তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দেন। ঊর্ধ্বতন কর্মকর্তা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেন। পরে আশ্বাসের ভিত্তিতে অবরোধকারীরা কর্মসূচি প্রত্যাহার করলে প্রায় ৩৫ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনকারীরা জানান, তাদের ৮ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।