শরিফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। তিনি দুর্গা পূজা উপলক্ষে বলেন, আমাদের দেশে দুর্গাপূজার উৎসবে অংশগ্রহণ করে জাতি-ধর্ম-নির্বিশেষে সব মানুষ। তিনি সবার সুখ, শান্তি, মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে বলেন, দুর্গোৎসব বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। তাই দুর্গাপূজা শুধু ধর্মীয় কৃত্য নয়, তা সর্বজনীন উৎসব। শারদীয় দুর্গোৎসবের মূলমন্ত্র হচ্ছে অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা। সমাজের অন্যায়, অবিচার, অশুভ ও অসুরশক্তি দমনের মাধ্যমে শাস্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে। তিনি আরো বলেন, এ শারদীয় উৎসব আজ একটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অসাম্প্রদায়িক, উদারনৈতিক ও মানবিক মূল্যবোধ ধারণ করে দুর্গোৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার কোনো স্থানে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলকে সজাগ থাকার আহবান জানান তিনি।