নিজস্ব প্রতিবেদক : “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি, তথ্য দিন সেবা নিন” এই শ্লোগান গুলোকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার প্রতিটি ইউনিয়নের বিটে চলছে বিট পুলিশিং কার্যক্রম । তারই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ড চাকলা বাজারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার ১০ অক্টোবর ২০২২ বিকেলে দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদের ৯ নাম্বার ওয়ার্ড সদস্য মো: মনিরুজ্জান বাবু এর সার্বিক ব্যবস্থাপনা ও ইউপি চেয়ারম্যান মো: আলমগীর রেজা এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ । আরো উপস্থিত ছিলেন দাইপুখুরিয়া বিটের ইনচার্জ ও শিবগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর মো: আরিফুল ইসলাম, সাব-ইন্সপেক্টর আব্দুল আনাম, দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি একেএম আজমুল হক বাদশা, সাধারণ সম্পাদক আবু জাফর লালান সহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ । সভায় সম্প্রতি শিবগঞ্জ উপজেলার শেষ প্রান্তে ভোলাহাট থানাধীন কুইচ্চাগাড়া নামক স্থানে ডাকাতের হামলায় জুয়েল নামে এক ব্যক্তি নিহতের ঘটনাকে অত্যন্ত দু:খজনক তুলে ধরে পরবর্তীতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে প্রশাসন ও জনগনের সমন্বয়ে কমিটি করে প্রয়োজনীয় ও বাস্তবমূখী পদক্ষেপ গ্রহণের জোর দাবী জানান এলাকাবাসী । ইতিপূর্বে গঠিত কমিটির কার্যক্রম না থাকায় বার বার একই রাস্তা ও স্থানে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটতে থাকায় সেই কমিটিকে অকার্যকর উল্লেখ করে নতুনভাবে বাস্তবমূখী কমিটি তৈরি ও পরিকল্পনা ভিত্তিক কাজ করারও দাবী জানান তারা । এক্ষেত্রে প্রশাসনের সার্বিক সহযোগীতা ও আন্তরিকতা একান্ত প্রয়োজন বলেও উল্লেখ করেন এলাকাবাসী । এদিকে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবায়ের আহাম্মেদ দাইপুকুরিয়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় বার বার ঘটে যাওয়া ডাকাতি ও ছিনতাই দমন এবং মাদক নির্মূলে সর্বোচ্চ শক্তি প্রয়োগ ও সহযোগীতার আশ্বাস দেন ।