শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে কর্মরত চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি তারেক রহমান ও মাই টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক তারেক আজিজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শিবগঞ্জ ডাক বাংলোর সামনে স্থানীয় সাংবাদিকরা এ কর্মসূচির আয়োজন করেন।দৈনিক খোলা কাগজের প্রতিনিধি সাংবাদিক মামুন উর রশিদের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তারা তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। এটি শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, বরং স্বাধীন গণমাধ্যম ও বাকস্বাধীনতার ওপর সরাসরি আঘাত। বক্তারা আরও বলেন, সাংবাদিক তারেক রহমান ও তার সহকর্মীদের ওপর হামলাকারীরা সমাজের চিহ্নিত সন্ত্রাসী। তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। প্রতিবাদ সভা থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন, শিবগঞ্জ প্রেসক্লাবে সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,সোনা,এসএ টিভির জেলা প্রতিনিধি আহসান হাবিব ও বাসসের জেলা প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম রনি এবং দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি সহকারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলামসহ দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি জালাল উদ্দীন।