শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মিথ্যাচার ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের বিরুদ্ধে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দের ব্যানারে শিবগঞ্জ ডাকবাংলো চত্বরে শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেনের সভাপতিত্বে ও শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জিয়াউল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক আহসান হাবিব, মমিনুল ইসলাম বাবু, সফিকুল ইসলাম, সাখাওয়াত জামিল দোলন, টুটুল রবিউল, দৈনিক মানব জমিনের প্রতিনিধি মোহা. ইমরান আলী, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক মোহাঃমামুন উর রশিদ, শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সভাপতি মাইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক শামসুন্নাহার সোহানাসহ অন্যরা। এছাড়া স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রতিকুল অবস্থার মধ্য দিয়ে রাষ্ট্র ও সমাজের সঠিক চিত্র তুলে ধরতে গুরুত্বারোপ করেন এবং হলুদ সাংবাদিকদের বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে সংবাদ প্রচার বন্ধের জন্য জেলা-উপজেলার সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
বক্তারা আরও বলেন, আমাদের মধ্যে ঐক্যের সংকট থাকায় গত ১০ জানুয়ারী দুর্নীতিবাজ শিবগঞ্জ সাব রেজিস্ট্রারকে ভুক্তভোগীরা শারীরিকভাবে লাঞ্ছিত করলেও কিছু অসাধু ব্যক্তিদের যোগসাজসে মিথ্যা সংবাদ প্রচার করে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতকে বিভিন্ন যড়যন্ত্রের মাধ্যমে হয়রানি ও হেনেস্তা করার চেষ্টা করছে।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠ তদন্তপূর্বক দুর্নীতিবাজ শিবগঞ্জ সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অবিলম্বে সাব রেজিস্ট্রারকে প্রত্যাহারের দাবি জানান বক্তারা।